ঢাকাই সিনেমার পরিচিত মুখ অভিনেত্রী বিপাশা কবির হারালেন তার মা শাহিদা কবিরকে। শনিবার (আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন শাহিদা কবির। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বাসায় নেওয়া হয়। তবে শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান তিনি।
এদিকে মায়ের মৃত্যুর সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিপাশা কবির। ফলে শেষবারের মতো মাকে দেখতে কিংবা বিদায় জানাতে পারছেন না এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের জন্য দোয়া চেয়ে নিজের গভীর কষ্ট ও আক্ষেপের কথা জানিয়েছেন তিনি। শেষবারের মতো মাকে জড়িয়ে ধরতে না পারার কষ্ট সারাজীবন বয়ে বেড়াতে হবে বলেও জানিয়েছেন বিপাশা।
শোবিজে ব্যস্ততার মধ্যেও মায়ের প্রতি বিশেষ যত্নশীল ছিলেন বিপাশা। জীবনের নানা চড়াই-উতরাইয়ে মায়ের ভালোবাসা ও সমর্থন ছিল তার অন্যতম বড় আশ্রয়।
২০০৯ সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন বিপাশা কবির। নাটকে অভিনয়ের পাশাপাশি বড় পর্দায় ‘আইটেম গার্ল’ হিসেবে পরিচিতি পান তিনি। পরবর্তীতে মূলধারার চলচ্চিত্রেও নায়িকা হিসেবে অভিনয় করেন।
মায়ের মৃত্যুতে বিপাশা কবির ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। প্রয়াত শাহিদা কবিরের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।
Sriti