ছয় বছর ধরে এক অজ্ঞাতনামা ব্যক্তির সাইবার বুলিং, হয়রানি ও স্টকিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী মান্দানা করিমি। ভারত ছেড়ে দুবাইয়ে যাওয়ার পরও হয়রানি বন্ধ হয়নি বলে দাবি তাঁর।
মঙ্গলবার ইনস্টাগ্রামে একাধিক ভিডিও ও স্ক্রিনশট প্রকাশ করে মান্দানা জানান, ওই ব্যক্তি তাঁর পরিচিতজন, প্রযোজক ও সহশিল্পীদের কাছে ভুয়া অ্যাকাউন্ট থেকে ই-মেইল ও বার্তা পাঠিয়ে তাঁর সুনাম নষ্টের চেষ্টা করছেন। এমনকি কিছু ক্ষেত্রে অর্থও চাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মান্দানার দাবি, গৌরব গুপ্তর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই এই হয়রানি শুরু। চার বছর আগে তদন্তকারী নিয়োগ করেও ওই ব্যক্তির পরিচয় জানতে পারেননি তিনি। তাঁর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির জন্য একজন ‘পেশাদার হ্যাকার’ও নিয়োগ করা হয়েছিল।
ভারতে থাকাকালে পুলিশের কাছে ও একাধিকবার সাইবার অপরাধের অভিযোগ করেও সমাধান পাননি বলে জানান মান্দানা। এবার ‘এনাফ ইজ এনাফ’ বলে প্রকাশ্যে বিষয়টি তুলে ধরেছেন তিনি। পাশাপাশি, এমন কোনো ই-মেইল পেলে জবাব না দিতে ও অর্থ না পাঠাতে সবাইকে সতর্ক করেছেন অভিনেত্রী।
@Mona
