‘স্থায়ী সম্পর্ক নেই!’ মিথিলার নাম এড়িয়েই তবে বিচ্ছেদের সিলমোহর দিলেন সৃজিত?
টলিউড থেকে ঢালিউড—বেশ কিছুদিন ধরেই গুঞ্জনটা হাওয়ায় ভাসছিল। এবার সেই আগুনে ঘৃতাহুতি দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজেই। তারকা দম্পতি সৃজিত ও রফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবনের ভাঙন নিয়ে চর্চা দীর্ঘদিনের। দূরত্ব, আলাদা থাকা কিংবা ব্যক্তিগত ব্যস্ততা—নানা ছুতোয় বারবার শিরোনামে এসেছে তাঁদের সম্পর্কের টানাপোড়েন। এতদিন দুজনই মুখে কুলুপ এঁটে থাকলেও, সম্প্রতি এক টক শো-তে এসে এমন কিছু বিস্ফোরক কথা বললেন সৃজিত, যা দেখে নেটপাড়ার একাংশের দাবি—দাম্পত্যে সত্যিই ইতি টেনেছেন এই চর্চিত জুটি।
চ্যাট শো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হয়ে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম এবং একাকিত্ব নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। সঞ্চালকের প্রশ্ন ছিল, জীবনের কোনো পর্যায়ে দাঁড়িয়ে কি কোনো ‘স্থায়ী সম্পর্ক’-এর অভাব বা একাকিত্ব অনুভব করেন তিনি?উত্তরে অত্যন্ত সুকৌশলে পুরো জীবনের ক্যানভাসটা তুলে ধরেন সৃজিত। তাঁর ভাষ্য, “হ্যাঁ, কখনো কখনো একাকিত্ব ঘিরে ধরে। তবে কাজ, মিউজিক, ক্রিকেট আর বন্ধুদের আড্ডাই এখন আমার পৃথিবী। ওগুলো দিয়েই জীবন গুছিয়ে রাখি।” কিন্তু নেটপাড়ার নজর কেড়েছে অন্য জায়গায়—ব্যক্তিগত জীবনের সম্পর্কের ইতিহাস নিয়ে বিশদ কথা বললেও, পুরো সাক্ষাৎকারে একবারের জন্যও মুখ ফুটে স্ত্রী মিথিলার নাম উচ্চারণ করেননি তিনি। নিজের জীবনে বর্তমানে কোনো 'স্থায়ী সম্পর্ক' নেই বলে দাবি করায় প্রশ্ন উঠছে—তবে কি মিথিলা এখন তাঁর অতীত?জীবনের প্রেম ও সম্পর্কগুলোকে একটি চলন্ত ট্রেনের সাথে তুলনা করেছেন এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। তিনি জানান, “জীবন একটা দীর্ঘ রেলজার্নি। অনেকে ট্রেনে ওঠে, আবার দু-তিনটে স্টেশন পরেই নেমে যায়।” সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়ালে, সে প্রসঙ্গে সৃজিত রসিকতা করেই বলেন, “সুস্মিতাও একটা স্টেশনে নেমে গেছে, হয়তো অন্য কোনো ট্রেন ধরেছে।”
তবে সুস্মিতা বা অতীতের নানা চর্চিত সম্পর্কের কথা টেনে আনলেও, মিথিলা তাঁর জীবনে ‘সাবেক’ নাকি ‘বর্তমান’—সে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন তিনি। ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুই বাংলার এই দুই তারকা। কিন্তু বর্তমানে সৃজিতের এই ‘একলা থাকার’ ইঙ্গিত এবং মিথিলার অনুপস্থিতি তাঁদের ডিভোর্সের গুঞ্জনকে আরও জোরালো করে তুলল।
তাহলে কি সত্যিই থামল তাহসান-পরবর্তী মিথিলার দ্বিতীয় ইনিংস? নাকি কেবলই কাজের সূত্রে এই ভৌগোলিক দূরত্ব? উত্তর অধরা থাকলেও সৃজিতের এক কথায় স্পষ্ট—তাঁর মনের ক্যানভাসে এই মুহূর্তে মিথিলার স্থায়িত্ব ফিকে হয়ে এসেছে।
urmi