ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ, ছোড়া হলো পানি-কোমল পানীয়-ডিম
ইতালির মেস্ত্রে শহরে শারীরিকভাবে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর দাবি, স্থানীয় একটি পার্কে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সময় একদল বাঙালি তাঁর ওপর চড়াও হন।
সোমবার রাতে ঘটে যাওয়া এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অভিজ্ঞতার কথা জানান বাঁধন। পরে ঘটনার কয়েকটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে কয়েকজনকে তাঁর দিকে তেড়ে যেতে, উত্তেজিত অবস্থায় কথা বলতে এবং ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায়।
বাঁধনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাঁর দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন। এতে তাঁর পোশাক ভিজে যায়। একপর্যায়ে তাঁর হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয় এবং তাঁকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কানের পাশেও আঘাত করা হয়েছে বলে জানান অভিনেত্রী।
ঘটনার সময় বাঁধনের সঙ্গে তাঁর ভাইয়ের পরিবারের সদস্যরা, এমনকি শিশুসন্তানও উপস্থিত ছিল বলে জানা গেছে।
বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে উদ্দেশ্য করে এ হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেন।
অভিনেত্রীর আরও অভিযোগ, তাঁকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। একই সঙ্গে ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ বা প্রকাশের চেষ্টা করা হয় বলেও জানান তিনি।
বাঁধন তাঁর ফেসবুক লাইভে বলেন, পার্কে পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় হঠাৎ কয়েকজন বাঙালি তাঁর সঙ্গে শারীরিকভাবে হেনস্তা শুরু করেন। তাঁর শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয় এবং একপর্যায়ে তাঁর ওপর হাত তোলা হয়।
ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন বাঁধন।
এদিকে, ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত ভিডিওতে কয়েকজনকে বাঁধনের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে এবং তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিতে শোনা যায়।
উল্লেখ্য, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে তাঁর ইতালি সফরের মধ্যেই এই হেনস্তার অভিযোগ সামনে এলো।
urmi